দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। অপর একজন রংপুর বিভাগের।

এ সময়ে সবচেয়ে বেশি ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশালে ২১১, ঢাকা উত্তরে ২০৭, চট্টগ্রামে ১৯২, ঢাকা বিভাগে ১৯০, রাজশাহীতে ১০২, ময়মনসিংহে ৬৪, রংপুরে ৩৫ এবং সিলেটে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গুর প্রকোপ তীব্র হয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনেই ডেঙ্গুতে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা যান।

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতদের মধ্যে অর্ধেকের বেশি ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে ৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৩২, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে আট, রংপুরে চার এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।