কুমিল্লার ১৮ থানায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতা নিয়ন্ত্রণে বুধবার রাতে নগরীসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।
পুলিশ জানায়, কুমিল্লার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতা বেড়ে যাওয়ার তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে এ অভিযান চালানো হয়। নগরীসহ ১৮ থানার অপরাধপ্রবণ ও সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
আটকদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার তথ্য যাচাই করা হচ্ছে। অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং বখাটেদের তৎপরতা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।









