কুষ্টিয়ায় পৃথক দুই স্থানে বজ্রপাতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা এবং দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে দহকুলা এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রওশন আলী ওরফে নুশু (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত সমেজ আলী, রজব আলী ও আব্দুল জলিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, নারায়ণপুর গ্রামে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে আরোজ আলী (২৮) নামে এক যুবক নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুই ঘটনায় দুইজনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।