চাঁপাইনবাবগঞ্জের এক প্রসূতি তৃতীয়বারের মতো সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন।

সালমা বেগম (২৮) নামের ওই নারী সোমবার (৯ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন।

পরিবার সূত্রে জানা গেছে, এর আগে দুইবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সালমার একটি ছেলে ও একটি মেয়েসন্তান জন্ম নেয়। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, আগের সন্তানদের মধ্যে জমজ দুই ছেলে ও এক মেয়ের মধ্যে একজন মারা গেছে এবং মেয়েটি সুস্থ রয়েছে।

সালমা বেগম বলেন, তিনি দরিদ্র হওয়ায় একসঙ্গে তিন নবজাতককে লালন-পালন করতে কষ্ট হচ্ছে। সন্তানদের খাবার ও অন্যান্য প্রয়োজন মেটাতে তিনি সামর্থ্যবানদের সহযোগিতা কামনা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ মডেল হাসপাতালের পরিচালক শহিদুজ্জামান মিলন জানান, সিজারিয়ান অপারেশন সফল হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছেন।

একসঙ্গে তিন সন্তানের জন্মের পর পরিবারটির ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। নবজাতকদের খাবার, চিকিৎসা ও পরিচর্যার পাশাপাশি পরিবারের দৈনন্দিন খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বজনরা। এ অবস্থায় অসচ্ছল পরিবারটির পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও মানবিক মানুষদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।