পটুয়াখালীর সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কাইউম প্যাদা (৫৫), শিল্পী রানী (৩৫), তিথী রানী (২৩) ও জাহাঙ্গীর হোসেন (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকাগামী ইমরান ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। বাসের ভেতরে বা পানিতে আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।