গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটোন নামে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আসাদুজ্জামান টিটোন ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে এসআই পদে কর্মরত ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় নিজ বাড়িতে ত্রুটিপূর্ণ একটি আইপিএস মেরামতের চেষ্টা করছিলেন টিটোন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।









