নওগাঁর ধামইরহাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ধামইরহাট এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আয়োজিত এক সভায় এ অঙ্গীকার করা হয়।
সভায় প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা শারমিন। শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কামাম মাহমুদা উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান। শপথে ধামইরহাটকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন উপস্থিত ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফ হাসান, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার এবং ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড অপারেশন ও উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিয়া।
এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান, উপজেলা জামায়াতের আমির হাফেজ মো. রেজুয়ান হোসেন, চকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এবং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম বদিউজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।







