দেশে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই মারা গেছেন ১০৪ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে।

তথ্য অনুযায়ী, জুনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩ হাজার। জুলাইয়ে তা বেড়ে ৯ হাজার এবং আগস্টে ২০ হাজারে দাঁড়ায়। সেপ্টেম্বরের ২৩ দিনেই আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে।

সেপ্টেম্বরে ডেঙ্গুর দৈনিক সংক্রমণেও নতুন রেকর্ড হয়েছে। ৩ সেপ্টেম্বর প্রথমবার এক দিনে এক হাজারের বেশি রোগী শনাক্ত হন। ৯ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৪৬৩ জনে। সর্বশেষ ২২ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৮৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আক্রান্তের সংখ্যা বাড়ার এই প্রবণতা আগামী মাসেও অব্যাহত থাকতে পারে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তি পর্যায়ে সচেতনতার পাশাপাশি সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী বলেন, ডেঙ্গুর হটস্পটগুলোতে ব্যাপক মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালাতে হবে। মশার লার্ভা ও উৎপত্তিস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।

এদিকে, ডেঙ্গুর পাশাপাশি দেশে হাম ও হামের উপসর্গেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। গত মে মাসে এ রোগে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে। এরপর প্রায় চার মাস পর এক দিনে আবারও ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটল।