নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারে দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। পরে ওই এসআইয়ের নেতৃত্বেই অভিযুক্ত নেতাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, রাকিবুল হাসানের বিরুদ্ধে আদালতে দায়ের করা একটি সিআর মামলায় (মামলা নম্বর-২২২/২৫) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই পরোয়ানার ভিত্তিতে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বদলগাছী থানার এসআই অসিত কুমার তাকে ভান্ডারপুর বাজার থেকে গ্রেপ্তারের জন্য অভিযান চালান।

পুলিশ সুপারের ভাষ্য, অভিযানের সময় দায়িত্বে অবহেলার কারণে রাকিবুল পালিয়ে যান। বিষয়টি জানার পর ওই রাতেই এসআই অসিত কুমারকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। পরে একই দিন ভোরে রাকিবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন অসিত কুমার।

এদিকে এসআই অসিত কুমার দাবি করেন, প্রথমবার গ্রেপ্তারের চেষ্টা করার সময় রাকিবুল বিষয়টি টের পেয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। পরে অর্থের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার যে প্রচার হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।

অসিত কুমার আরও বলেন, দ্বিতীয় দফায় তিনিই রাকিবুলকে গ্রেপ্তার করেছেন। ছাত্রলীগের পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না।