কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম শাহরিয়ারকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে লালমাই পাহাড়ের পাদদেশ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার বাসা থেকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ের লালমাই পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, হত্যার কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
অপ্রতিমের মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।









