নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৮ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এরপর খুলনা বিভাগে ৩০২ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৯১ জন করে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রংপুর বিভাগে ৮৬ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, নতুন ৮ জনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৩ হাজার ৫৭০ জন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যানে দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার চিত্র উঠে এসেছে।