ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা রানী ভৌমিক (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোয়ালঘরে গবাদিপশুর খাবারের জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন অমরেন্দ্র নাথ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন।
স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে তাকে উদ্ধারে এগিয়ে যান মিনা রানী। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর দুজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছে। অতিরিক্ত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বামী-স্ত্রীর একসঙ্গে মর্মান্তিক মৃত্যুতে মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




