বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড়ে পড়ে থাকা একটি বস্তা থেকে ৫০০ ও ১ হাজার টাকার নোট কুড়িয়ে নিয়েছেন স্থানীয়রা। পরে এসব নোটের পেছনে ‘অনলি ফর শুটিং’ লেখা দেখতে পাওয়া যায়।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বান্ডিলসহ কয়েকটি নোট জব্দ করে।

স্থানীয়রা জানান, বস্তার ভেতরে বিপুল পরিমাণ নোট দেখে প্রথমে তারা এগুলো আসল টাকা বলে মনে করেন। খবর ছড়িয়ে পড়লে অনেকে সেখান থেকে নোট নিয়ে যান। স্থানীয়দের কেউ কেউ নোটের পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করলেও পুলিশ তা নিশ্চিত করেনি।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, জব্দ করা নোটগুলো পরীক্ষা করে এর পেছনে ‘অনলি ফর শুটিং’ লেখা পাওয়া গেছে। বেশির ভাগ নোটই ছেঁড়া ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের অনেকে নোট নিয়ে চলে যান।

এসব নোট কে বা কারা সেখানে ফেলে গেছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য বা চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত কাউকে শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।