জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক জরুরি প্রেসবার্তায় সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব প্রস্তাব দেন।
প্রেসবার্তায় বলা হয়, জ্বালানির মূল্য বাড়লে বাস ও লঞ্চের ভাড়া সমন্বয় করা স্বাভাবিক। তবে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হচ্ছে না বলে অভিযোগ করেছে সংগঠনটি। তাদের দাবি, সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও যাত্রীদের প্রতিনিধিদের মতামত নেওয়া হচ্ছে না।
সংগঠনটির অভিযোগ, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পরিবহন পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং সেই ব্যয় সমন্বয়ে কত টাকা ভাড়া বাড়ানো প্রয়োজন—এ বিষয়ে স্বচ্ছতা থাকা প্রয়োজন। কিন্তু এ সংক্রান্ত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয় না।
যাত্রী কল্যাণ সমিতি বলেছে, ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে সব অংশীজনের মতামত ও ব্যয়ের প্রকৃত হিসাব বিবেচনায় নিয়ে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা উচিত।





