সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরফত আলীর স্ত্রী তিন দিন আগে সৌদি আরবে যান। শুক্রবার রাতে সন্তানদের নিয়ে ঘুমাতে যাওয়ার পর তিনি তাদের সঙ্গে কীটনাশক পান করেন। পরে স্বজনরা ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরফত আলীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়।
তাহিরপুর থানার ওসি ফারুক আহাম্মদ জানান, মরদেহগুলো সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।







