চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ধারণক্ষমতার প্রায় পাঁচগুণ রোগী ভর্তি থাকায় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের মেঝেতেও চলছে চিকিৎসা। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ২২ শয্যার শিশু ওয়ার্ডে বর্তমানে ভর্তি রয়েছে ১০৮ শিশু। প্রতিদিন গড়ে নতুন করে ৪০ জন শিশু রোগী হাসপাতালে আসছে। তাদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, পেটব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। পাশাপাশি কিছু শিশুর মধ্যে হামের উপসর্গও দেখা দিয়েছে।
স্থান সংকটের কারণে ওয়ার্ডের মেঝেতেও শিশুদের চিকিৎসা দিতে হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপের পাশাপাশি জনবল সংকট থাকায় সেবা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন চিকিৎসক ও নার্সরা।
চিকিৎসকরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে। এ সময়ে শিশুদের গরম-ঠান্ডা থেকে দূরে রাখা এবং বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।




