চুয়াডাঙ্গা সীমান্তে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার (২ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান।
নিহত ইব্রাহিম বাবু (৩২) ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।
নিহতের বাবা নুর ইসলাম জানান, দুপুরে আমার ছেলেসহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলার পার হয়ে ভারতে ঢুকে পড়লে সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হয় বাবু।
তিনি আরও বলেন, ঘটনার পর আমার ছেলের মরদেহ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে গেছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, কয়েকজন স্বর্ণ চোরাকারবারির ওপর বিএসএফ গুলিবর্ষণ করেছে বলে জানা গেছে। ওই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল ২০০ গজ ভারতের অভ্যন্তরে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।










