২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘মন্থা’
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘মন্থা’
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে ‘মন্থা’ নামে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
রোববার (২৬ অক্টোবর) তাদের সর্বশেষ আপডেটে সংস্থাটি বলছে, বঙ্গোপসাগরে বর্তমানে এটি গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ২৮ অক্টোবর এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাওয়া গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগরের পোর্ট ব্লেয়ার থেকে ৬১০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে, বিশাখাপত্তম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপটির বর্তমান গতিবেগ দেখে ধারণা করা হচ্ছে এটি ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হানবে। বিশেষ করে মাখিলিপাটনাম-কাকিনাদাতে এটির প্রভাব সবচেয়ে বেশি হবে।
এদিকে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমন আভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গভীর নিম্নচাপটির প্রভাবে দেশের ৪ সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরেও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটিও কয়েকদিনের মধ্যে শক্তি সঞ্চার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড়টির ‘মন্থা’ নামকরণ করেছে থাইল্যান্ড। এটি একটি থাই শব্দ। যার অর্থ সুন্দর ফুল।










