বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের জুবায়েদুল ইসলাম (৩০)। ফেরদৌস মাইক্রোবাসটির চালক ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে আক্কেলপুরে ফিরছিলেন। নয়মাইল এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুলক্রমে মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।






