বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনসহ চারজনের। চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার নিয়াজ মোর্শেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসচালক মো. মুন্না। নিহতদের সবাই কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে একটি মাইক্রোবাসে করে তারা ঈদগাহের উদ্দেশে রওনা দেন। শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। দুর্ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




