চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বন্যাদুর্গত ৩০০ অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সি.এন.পি.আই (CNPI) স্বেচ্ছাসেবী সংস্থা ও রোভার স্কাউটস। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সংগঠন দুটির নিজস্ব তহবিল ও সংগৃহীত অর্থে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সাম্প্রতিক আকস্মিক বন্যায় নারায়ণপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এতে দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেয় চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান উপদেষ্টা মো. ওমর ফারুক, রোভার স্কাউটস লিডার ও সি.এন.পি.আইয়ের উপদেষ্টা মো. শহিদুল ইসলাম এবং উপদেষ্টা মো. আজিজুর রহমান। এছাড়া সি.এন.পি.আইয়ের সভাপতি হামজা, সাধারণ সম্পাদক সাকিব, রোভার স্কাউটসের সদস্য জাকিরসহ উভয় সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিন ও প্যানেল চেয়ারম্যান। এ সময় অধ্যক্ষ মো. ওমর ফারুক বলেন, “চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এই ক্ষুদ্র প্রচেষ্টা বন্যাদুর্গত অসহায় মানুষের কিছুটা হলেও উপকারে আসবে। যেকোনো দুর্যোগে আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত।”

তিনি এ কার্যক্রমে সার্বিক দিকনির্দেশনার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের প্রতি কৃতজ্ঞতা জানান।