সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহ ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১ হাজার ১৮৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জন।

এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১০০ জন। গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম উপসর্গে ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৮০ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে ১০১ জনের মৃত্যু হয়েছে।