নিজস্ব প্রতিবেদক:
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই মারা গেছেন চারজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৪ জন, চট্টগ্রামে ২৭৮ জন, বরিশালে ১৩১ জন, খুলনায় ৮৮ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ২৬ জন, রাজশাহীতে ২৩ জন এবং সিলেটে ১৫০ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। তাদের মধ্যে ২০ হাজার ১২৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে।








