সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাতে রাজধানীর শেরেবাংলানগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর তাদের হেফাজতে নেয় পুলিশ।
জানা গেছে, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে নিহত মরিয়ম খাতুনের বাবা-মা থানায় গেছেন বলে জানা গেছে।
এর আগে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত জুলাইয়ে ৭৫ বছর বয়সী গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। পরে গাজী নজরুল জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ‘নৈতিক স্খলনের’ প্রমাণ পাওয়ার কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। তবে তার সংসদ সদস্য পদ বর্তমানে বহাল রয়েছে।




