সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে ধাপে ধাপে এর সুবিধা দেওয়া হবে। চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এ হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশ হবে। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। নিয়ম অনুযায়ী বকেয়া বেতনও পাবেন চাকরিজীবীরা।

এ ছাড়া নতুন কাঠামোর অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। পেনশনভোগীরাও নতুন বেতন কাঠামোর পূর্ণ সুবিধা পাবেন।