ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্য অধিদপ্তর। এর ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, নতুন করে আর কোনো ইলিশ আমদানির অনুমতি দেওয়া হবে না।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত চিঠিতে গত মঙ্গলবার ১০৩টি এনওসি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। এর পর এসব সনদের আওতায় ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ভারত থেকে এক হাজার ৭৩৯ দশমিক ৫০ টন ইলিশ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এর মধ্যে বুধবার পর্যন্ত বেনাপোল দিয়ে ৫৩৫ টন ইলিশ দেশে এসেছে। আমদানি করা ইলিশের পুরোটাই ভারতের গুজরাটের ভারুচ এলাকা থেকে এসেছে।

এর আগে দেশীয় ইলিশসহ রুই, কাতলা, আইড় ও বোয়ালের মতো মাছ আমদানি না করে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর সুপারিশ করেছিল মৎস্য অধিদপ্তর। তবে দেশীয় মাছ আমদানি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাণিজ্য বিধি বড় বাধা হিসেবে রয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি অনুযায়ী, সদস্য দেশগুলো কোনো পণ্যের আমদানি-রপ্তানির ওপর ঢালাও পরিমাণগত নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না।