বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা সপ্তম কার্যদিবসের মতো কমেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে তেলের দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বা ০ দশমিক ৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৯ সেন্ট বা ০ দশমিক ৩৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে বুধবার তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছিল। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় পরদিনই আবার দাম কমেছে।
বিশ্লেষকদের মতে, সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জ্বালানি সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ কিছুটা কমিয়েছে। তবে সংকটের স্থায়ী সমাধান নিয়ে দুই দেশের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে।
এদিকে তেলের দাম নিয়ে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হলেও আন্তর্জাতিক বন্ডবাজারে তুলনামূলক স্থিতিশীলতা দেখা গেছে।









