বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে বুধবার এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
নিউইয়র্ক সময় বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
চুক্তি স্বাক্ষরের পর বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তিতে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার ও চারটি ৭৩৭-৮ উড়োজাহাজ রয়েছে।
নতুন ১১টি যুক্ত হলে বোয়িং থেকে বিমানের মোট উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা দাঁড়াবে ২৫টিতে। তবে নতুন ১১টি বিমানের মডেল, মূল্য, অর্থায়ন ও সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যৎ বহর নিয়ে বোয়িংয়ের পাশাপাশি ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের সঙ্গেও বাংলাদেশের আলোচনা চলছে।





