ঢাকার আশপাশের শহরতলি এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ অবকাঠামো উন্নত করা হবে।

প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে ১ হাজার ১৫০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার নতুন ট্রান্সফরমার সক্ষমতা স্থাপন এবং ১২টি বিদ্যমান সাবস্টেশনের সক্ষমতা ১১৫ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার বাড়ানো হবে। পাশাপাশি ২ হাজার ৬০০ কিলোমিটারের বেশি ওভারহেড ও ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ বা আধুনিকায়ন করা হবে।

দ্রুত ত্রুটি শনাক্ত ও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে ৯০০টি ফল্ট লোকেটর সেট স্থাপন করা হবে। পাশাপাশি নদী পারাপারের জন্য বিদ্যুৎ অবকাঠামো ও সুইচিং স্টেশন নির্মাণ এবং নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা বাড়াতে ইনসুলেটেড কন্ডাক্টর স্থাপন করা হবে।

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং বলেন, আধুনিক বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পে এডিবির ১৪৬ দশমিক ৫২ মিলিয়ন ডলার স্থিতিশীলতা বৃদ্ধিবিষয়ক অর্থায়নের পাশাপাশি বাংলাদেশ সরকারের ১০৭ দশমিক ৯৫ মিলিয়ন এবং বিআরইবির ১৪১ দশমিক ৩৯ মিলিয়ন ডলার অর্থায়ন থাকবে। এ ছাড়া কোরিয়া সরকারের একটি তহবিল থেকে ১ মিলিয়ন ডলারের কারিগরি সহায়তা দেওয়া হবে।

প্রকল্পটির মাধ্যমে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কারিগরি ক্ষতি কমানো এবং কম কার্বন নিঃসরণভিত্তিক উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।