উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপাচার্য পরিবর্তনের ঘোষণা আসার পর বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। রাত ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে মঙ্গলবার সকাল থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে রাতে উপাচার্য ভবনেও তালা ঝুলিয়ে দেন তারা।
এদিকে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। সমিতির সভাপতি ড. মোহাম্মদ আহসান উল্যাহ জানান, উপাচার্য পরিবর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
এর আগে গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শেখ শরিফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।




