রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস ও ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হল প্রাঙ্গণে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হল প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলোও পরিষ্কার করা হয়।

অভিযান শেষে শাখা ছাত্রদলের নেতারা জানান, শুধু একদিনের পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এজন্য ক্যাম্পাসের আবাসিক হল, একাডেমিক ভবন ও আশপাশের এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে আমরা লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছি। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থল ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা জরুরি। সবাইকে নিজ নিজ জায়গা থেকে ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, ‘বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই ক্যাম্পাসের প্রতিটি হল, একাডেমিক ভবন ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা প্রয়োজন। এ কাজে প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদেরও সহযোগিতা প্রয়োজন।’

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচি চলবে। প্রথম দুই দিন হলগুলোতে এবং পরবর্তীতে প্রতি সপ্তাহে নেতাকর্মীরা হল ও একাডেমিক ভবন পরিষ্কার করবেন। পাশাপাশি পুরো ক্যাম্পাসকে পরিচ্ছন্নতার আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হবে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও ক্যাম্পাসের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।