রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার বলেছেন, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের নেতৃত্ব থাকলেও বিএনপির আমলেই ছাত্রসংসদগুলোর কার্যক্রম বন্ধ হয়েছিল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সালাউদ্দিন আম্মার লেখেন, ছাত্রসংসদগুলোর মেয়াদ প্রায় শেষের দিকে। এখন প্রশ্ন হচ্ছে, আবার ছাত্রসংসদ নির্বাচন হবে কি না। এ প্রসঙ্গে তিনি রাকসু, জাকসু, ডাকসু ও চাকসুর অতীতের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, রাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ওই নির্বাচনে ছাত্রদলের রুহুল কবির রিজভী ভিপি নির্বাচিত হন। এরপর ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকলেও রাকসু নির্বাচন আর হয়নি।
জাকসুর সর্বশেষ নির্বাচন ১৯৯১ সালে হয় উল্লেখ করে তিনি বলেন, ওই নির্বাচনে ভিপি ও জিএস পদে ছাত্রদলের প্রার্থীরা জয়ী হন। এরপর বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়ও জাকসু নির্বাচন হয়নি।
ডাকসুর সর্বশেষ নির্বাচন ২০১৯ সালে হলেও ১৯৯০ সালের পর দীর্ঘ সময় নির্বাচন বন্ধ ছিল উল্লেখ করে আম্মার বলেন, ওই নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস—তিনটি পদই ছাত্রদল পেয়েছিল। এছাড়া চাকসুর সর্বশেষ নির্বাচন ১৯৯০ সালে হয়েছিল। এরপর সেটিও আর চালু হয়নি।
আম্মার বলেন, ক্যাম্পাসগুলোর ছাত্রসংসদে ছাত্রদলের পর্যাপ্ত নেতৃত্ব থাকা সত্ত্বেও কেন ছাত্রসংসদ বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটিই প্রশ্ন। তাঁর দাবি, ক্যাম্পাসগুলোর ছাত্রসংসদ বিএনপির আমলেই বন্ধ হয়েছিল।
পোস্টের শেষাংশে তিনি বলেন, এসব সমীকরণ উপেক্ষা করে তারেক রহমান ছাত্রসংসদগুলো চালু রাখলে সেটি হবে ‘অ্যাকচুয়াল প্ল্যান’। আর আগের আচরণ অব্যাহত থাকলে ‘উই হ্যাভ এ প্লান ফর ইউ টু ফ্লাই’।




