রাজশাহী প্রতিনিধি:
উত্তরবঙ্গের সর্ববৃহৎ প্রযুক্তি প্রতিযোগিতা ও উৎসব ‘আরজেপি টেক ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দিনব্যাপী এ আয়োজনে উত্তরবঙ্গের ৮০টি স্কুল ও ২০টি কলেজের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী আইসিটি ক্লাব আরজেপির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। এতে প্রোগ্রামিং প্রতিযোগিতা, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শোকেইস ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

প্রশ্নোত্তর পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের বিভিন্ন মজার ও ব্যতিক্রমী প্রশ্ন করে পুরস্কার জিতে নেন।

সমাপনী অনুষ্ঠানে আরজেপির সভাপতি তারেক আবরারের সঞ্চালনায় এবং রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. শহীদ উজ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) ড. চিত্রলেখা নাজনীন, রুয়েটের ইসিই বিভাগের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, পুলিশ কমিশনারের পক্ষে উপ-কমিশনার মাঈনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুনুর রশীদ খন্দকার ও অধ্যাপক ড. আরিফুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, ছোট বয়স থেকেই শিক্ষার্থীরা যেন সহজে উদ্ভাবনের সঙ্গে যুক্ত হতে পারে, সে জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। অর্থের অভাবে কোনো উদ্ভাবন থেমে থাকবে না। বৃহৎ এ প্রযুক্তি উৎসব আয়োজনের জন্য তিনি রুয়েট ও আরজেপিকে ধন্যবাদ জানান।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘শুধু প্রযুক্তি ব্যবহার করলেই হবে না, প্রযুক্তির উদ্ভাবক হিসেবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নে কোমলমতি শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।’ এ কাজে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরজেপির সভাপতি তারেক আবরার বলেন, স্বেচ্ছাসেবী কাজের অংশ হিসেবে আরজেপি শিক্ষার্থীদের প্রযুক্তি ও প্রোগ্রামিং শেখাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলসহ দেশের প্রতিটি প্রান্তে প্রযুক্তি শিক্ষা ছড়িয়ে দিয়ে মেধাবীদের খুঁজে বের করা এবং তাদের বড় স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করাই তাঁদের লক্ষ্য।

অনুষ্ঠান শেষে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে আসা এক হাজারের বেশি শিক্ষার্থীর মধ্য থেকে ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের ক্রেস্ট, মেডেল, সনদ ও অর্থ পুরস্কার দেওয়া হয়।

এদিকে, উত্তরবঙ্গের সেরা ৫০ বিজয়ীকে নিয়ে ২৭ ও ২৮ আগস্ট রুয়েটে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘আরজেপি গ্র্যান্ড ক্যাম্প’। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রোগ্রামিং, রোবটিক্স, গণিত ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

আয়োজনে ইভেন্ট গোল্ড পার্টনার ছিল সিটি ব্যাংক ও ব্যাপন। ইভেন্ট পার্টনার ছিল প্রাণ বিবিএল, বোম্বায় সুইটস ও পোলার। একাডেমিক সহযোগী হিসেবে ছিল বিএসটিএস এবং টেকনিক্যাল পার্টনার ছিল অরবিটাল।