ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের তাসলিমা আরেফিন অথিকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সাবরিনা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিথী খাতুন, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া খাতুন, অর্থ সম্পাদক ইসমা খাতুন, যুগ্ম অর্থ সম্পাদক মারজাহান আক্তার তানিয়া, দপ্তর সম্পাদক উম্মে মরিয়ম, প্রচার সম্পাদক কাজী ফাতেহা আসমিয়া আর্দি, প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, গবেষণা সম্পাদক রুনা লায়লা এবং অনুষ্ঠান সম্পাদক রিয়া আক্তার রুমা।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইসরাত জাহান, তাসনীম, সুমাইয়া নাজনীন ও সুমাইয়া জাহান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসলিমা আরেফিন অথি বলেন, সোসাইটিকে আরও সক্রিয়, সুসংগঠিত ও সদস্যবান্ধব করে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। নতুন সদস্যদের প্রশিক্ষণ ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি নিয়মিত বিতর্ক অনুশীলন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, নতুন সদস্য থেকে শুরু করে অভিজ্ঞ বিতার্কিক—সবার জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চান, যেখানে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ থাকবে।
সভাপতি মুমতাহিনা রিনি বলেন, খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি তাঁর কাছে আবেগের একটি জায়গা। ২০২২ সালে সংগঠনটির সঙ্গে তাঁর যাত্রা শুরু হয়। সময়ের পরিক্রমায় একই সংগঠনের সর্বোচ্চ দায়িত্বে আসা তাঁর জন্য আনন্দের পাশাপাশি চ্যালেঞ্জেরও।
তিনি বলেন, দায়িত্বের জায়গা থেকে খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে জাতীয় পর্যায়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। এই সংগঠন থেকে দেশসেরা বিতার্কিক তৈরি করাই তাঁর অন্যতম লক্ষ্য। সংগঠনটি সুন্দরভাবে পরিচালনার জন্য সবার দোয়া ও পরামর্শও কামনা করেন তিনি।









