জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ’-এর নবনির্মিত পাঁচতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফিতা কেটে ও উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হয়েছে। পাঁচতলা ভিত্তির ওপর নির্মিত আধুনিক এ ভবনের প্রতিটি তলায় রয়েছে ১১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের সুপরিসর স্থান।

উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, যেকোনো বিষয়ের ভিত্তি ভালো না হলে পরবর্তী অংশও ভালো হতে পারে না। শিক্ষার ভিত্তি অর্থাৎ প্রাথমিক স্তর থেকেই মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের সুশিক্ষার জন্য যেন ক্যাম্পাসের বাইরে দূরে অবস্থান করতে না হয়, সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এটিকে একটি মডেল স্কুল অ্যান্ড কলেজ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

উপাচার্য আরও বলেন, শুধু বিশ্ববিদ্যালয় পরিবারের সন্তান নয়, স্থানীয় এলাকার সন্তানরাও এখানে সমান সুযোগে ভর্তি হতে পারবে। সাশ্রয়ী খরচে ও পূর্ণ নিরাপত্তার মধ্যে শিক্ষার্থীরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, প্রশাসন তা নিশ্চিত করবে।

এ ছাড়া শিক্ষকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া হয়েছে। দ্রুতই প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান বক্তব্য দেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রনেতৃবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।