ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফলদ গাছ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন। এতে সভাপতিত্ব করেন ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর মো. আখতার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর কবির।
২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ধামইরহাট ও পত্নীতলা উপজেলার গোল্ডেন এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। দুই উপজেলার মোট ৭৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও ফলদ গাছ তুলে দেওয়া হয়।
এ ছাড়া সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ ১৩৩টি দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জনকারী ধামইরহাটের সন্তান রাবেতা বিনতে রমজানকেও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তহমিনা সারমিন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল-মামিন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক এ আর এম সাদাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।









