যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘যবিপ্রবি ইসলামিক নলেজ সিকার্স সোসাইটি’র উদ্যোগে দিনব্যাপী ‘Seerah Contest & Orientation Seminar 2026’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আয়োজিত সেমিনারের সমাপনী পর্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং ড্যাফোডিল সেন্টার ফর ইসলামিক স্টাডিজের পরিচালক প্রফেসর মো. মোখতার আহমাদ।
সমাপনী বক্তব্যে প্রফেসর মো. মোখতার আহমাদ শিক্ষার্থীদের সামনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মেধা, দূরদর্শিতা ও আদর্শ জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে নবীজির সীরাতের শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই।
এর আগে সেমিনারের প্রথম পর্বে দিকনির্দেশনামূলক আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনে সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সীরাত প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
এরপর দ্বিতীয় জামাতে ইশার সালাত আদায়ের মধ্য দিয়ে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।




