ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে ল্যাবরেটরি ফায়ার সেফটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষার্থীদের অগ্নিনিরাপত্তা, জরুরি পরিস্থিতিতে করণীয় ও অগ্নিনির্বাপণ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের প্রতিনিধিদলের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় ইবি সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসাইন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আহসানুল হক। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষ উদ্ধারকাজে এগিয়ে আসে। তবে প্রশিক্ষণের অভাবে আন্তরিকতা থাকা সত্ত্বেও অনেক সময় উদ্ধারকাজ কাঙ্ক্ষিত সফলতা পায় না। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে অন্যদেরও প্রশিক্ষিত করতে পারবে এবং জাতীয় সংকটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে ‘সেফটি প্রসিডিউরস ইন দ্য ল্যাবরেটরি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।









