দেশে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি কমানো এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তালগাছের চারা রোপণ করা হয়েছে।

রোববার বিকেল ৫টায় রুয়েটের প্রধান ফটকসংলগ্ন চত্বরে আইসিটি স্নাতক ও চাকরিজীবীদের পেশাজীবী সংগঠন ‘আইসিটি এমপ্লয়ি সোসাইটি অব বাংলাদেশ’ (আইসিটিইএসবি) রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব।

আইসিটিইএসবি রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ও রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. ফিরোজ আলী।

এ সময় রুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ইয়াকুব আলী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের রিয়াদ খান রাতুল, মো. লাবলু ও আফ্রিদী খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালগাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি)।