ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে দিনব্যাপী প্রজেক্ট শোকেসিং ও টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফাইনাল ইয়ারের প্রজেক্ট কাজের মূল্যায়নের অংশ হিসেবে বিভাগের করিডোরে এ আয়োজন করা হয়। এতে ওই শিক্ষাবর্ষের ৫৩ জন শিক্ষার্থী তাদের প্রজেক্ট প্রদর্শন করেন।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী ও গবেষণাধর্মী প্রজেক্ট উপস্থাপন করেন। বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের প্রেজেন্টেশন, প্রজেক্টের কার্যকারিতা ও ব্যবহারিক সম্ভাবনা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তাদের প্রজেক্টের বিভিন্ন দিক মূল্যায়ন করা হয়।

আয়োজকদের মতে, পরীক্ষার্থী শিক্ষার্থীদের মূল্যায়নের পাশাপাশি বিভাগের জুনিয়র শিক্ষার্থীদের নতুন ধারণা ও গবেষণামুখী কাজে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিভিন্ন প্রজেক্ট কাছ থেকে দেখার মাধ্যমে জুনিয়র শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের প্রজেক্ট ও গবেষণার ক্ষেত্রে নতুন ধারণা নেওয়ার সুযোগ পাচ্ছেন।

আয়োজনের গুরুত্ব তুলে ধরে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থায় ফাইনাল ইয়ারের থিসিস বা প্রজেক্ট সাধারণত ডিফেন্স ও প্রেজেন্টেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এর মূল উদ্দেশ্য হওয়া উচিত একটি কাজকে ভবিষ্যতে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করা। আজকের প্রজেক্ট শোকেসিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের কাজ সম্পর্কে জানতে পারছে। পাশাপাশি জুনিয়র শিক্ষার্থীরাও এসব প্রজেক্ট থেকে ধারণা নিয়ে ভবিষ্যতে সেগুলোকে আরও উন্নত করার সুযোগ পাচ্ছে।’

বিভাগের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, ‘আজকের প্রজেক্ট শোকেসিং মূলত একটি কোর্সের অংশ। এখানে শিক্ষার্থীরা উদ্ভাবনী ধারণা নিয়ে বিভিন্ন প্রজেক্ট করেছে। এ আয়োজনের মাধ্যমে প্রজেক্টগুলোর উদ্ভাবনশীলতা, ব্যবহারিক প্রয়োগ ও সম্ভাবনা মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের প্রেজেন্টেশন দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আয়োজনটিকে উৎসবমুখর পরিবেশে করার মাধ্যমে জুনিয়র শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করতে উৎসাহিত করা হচ্ছে। আশা করি, এই আয়োজন থেকে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রোগ্রাম ও প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও ভালো করবে।’