রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবের ওপর রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হামলা এবং পরপর দুই রাতে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এসব ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হওয়ায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. সজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আইয়ুবের ওপর হামলার পরও ঘটনার স্থায়ী কোনো সমাধান হয়নি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন রেলওয়ে স্টেশনটি দ্রুত চালু, আইয়ুবের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি, পাথর নিক্ষেপের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া রেলওয়ের সঙ্গে শিক্ষার্থীদের চলমান বিরোধের স্থায়ী সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও নিয়মিত সংলাপের দাবি জানান শিক্ষার্থীরা।

ভবিষ্যতে কোনো শিক্ষার্থী রেলওয়ে কর্তৃপক্ষের সদস্যের দ্বারা হয়রানি বা নির্যাতনের শিকার হলে দ্রুত অভিযোগ গ্রহণ ও কার্যকর প্রতিকার নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থা চালুরও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও চলমান সংকট নিরসনে রেলমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।