রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই গবেষক আন্তর্জাতিক রোবোটিক্স সম্মেলনে সেরা গবেষণাপত্রের পুরস্কার অর্জন করেছেন। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ১৪টি দেশের গবেষণাপত্রের মধ্যে তাদের গবেষণাটি এ স্বীকৃতি পায়।
রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল এবং ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবু তালহা রনি যৌথভাবে এ পুরস্কার অর্জন করেন। তাদের গবেষণার বিষয় ছিল ‘অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য স্বয়ংক্রিয় আকাশযান ও মাঠপর্যায়ের রোবোটিক্স’।
গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী ‘রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস বিষয়ক পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের গবেষকেরা অংশ নেন।
আইইইই বাংলাদেশ শাখা ও আইইইই রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি বাংলাদেশ শাখার যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় সম্মেলনটি সরাসরি ও অনলাইন—দুই মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ১৪টি দেশের গবেষকদের কাছ থেকে মোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে। পর্যালোচনা ও বাছাই শেষে এর মধ্যে ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। এতে গবেষণাপত্র গ্রহণের হার ছিল প্রায় ২৮ শতাংশ।
দুই দিনব্যাপী সম্মেলনে রোবোটিক্স, স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।
গত শুক্রবার সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপনকারী হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস ইনকরপোরেটেডের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক রাম চন্দ্র পালসানিয়া। তিনি অর্ধপরিবাহী যন্ত্র তৈরির ক্ষেত্রে পূর্বাভাসভিত্তিক রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রের অচলাবস্থা কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন।




