রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহীর উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ ক্যাম্প চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে ক্যাম্প পরিচালিত হবে।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও বিনামূল্যে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের চশমা কেনার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দেওয়ার কথাও জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

ক্যাম্পের নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর রবীন্দ্র ভবন, ২১ সেপ্টেম্বর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, ২২ সেপ্টেম্বর শহীদুল্লাহ কলা ভবন, ২৪ সেপ্টেম্বর মমতাজ উদ্দিন ভবন, ২৭ সেপ্টেম্বর সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবন, ২৮ সেপ্টেম্বর জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবন, ২৯ সেপ্টেম্বর জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ভবন, ৩০ সেপ্টেম্বর জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন, ১ অক্টোবর কৃষি ভবন এবং ৪ অক্টোবর জয়নুল আবেদিন চারুকলা ভবনে ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে সেবা নেওয়া মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহিমা ইসলাম বলেন, “এখানে এসে দেখলাম সবাই বেশ আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন। চিকিৎসকরা যথেষ্ট সময় নিয়ে ভালোভাবে আমার চোখ পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন। একজন শিক্ষার্থী হিসেবে বিষয়টি আমার কাছে বেশ সুবিধাজনক মনে হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসেই বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পাওয়ায় সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে।”

ফোকলোর বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিসান হোসাইন বলেন, “আমরা প্রতিদিন মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি। ফলে অনেক সময় চোখে নানা ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু ক্লাস, পরীক্ষা ও অন্যান্য ব্যস্ততার কারণে সবসময় বাইরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয় না। তাই ক্যাম্পাসে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হবে বলে আশা করি।”

গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহীর ব্যবস্থাপক মিরাজুর রহমান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা ১০ দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন শুরু করেছি। আজ থেকে ১০টি একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি ওষুধে ছাড় এবং চশমার ক্ষেত্রে শিক্ষার্থীদের ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া। আজ প্রথমার্ধেই তিন শতাধিক শিক্ষার্থী সেবা নিয়েছেন।”

তিনি আরও বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সেবা দিয়ে থাকি। কারও চোখে বড় কোনো সমস্যা ধরা পড়লে তাকে আমাদের প্রধান হাসপাতালে রেফার করা হয়। সেখানে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা দেওয়া হয়।”