শিক্ষা ও ক্যাম্পাস

ইবিতে শুরু হলো ছাত্রশিবিরের তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসব

ইবিতে শুরু হলো ছাত্রশিবিরের তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসব
ছবি: সংগৃহীত

ইবিতে শুরু হলো ছাত্রশিবিরের তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের আয়োজনর তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব -২০২৫’ শুরু হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ১০১ নম্বর কক্ষে ‘প্রোগ্রামিং কনটেস্ট’ এর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শাখা সভাপতি শোয়াইব আহম্মেদসহ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বিজ্ঞান উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বসছে নানা আয়োজনের মেলা। এর মধ্যে থাকবে বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী এবং রুবিকস কিউব চ্যালেঞ্জ। এসব আয়োজনের জন্য তৈরি করা হয়েছে ৫৫টি স্টল।

প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের জন্য থাকছে লক্ষাধিক টাকার পুরস্কার ও অংশগ্রহণকারীদের জন্য থাকছে সার্টিফিকেট। গত ১৬ মে ছিল রেজিস্ট্রেশনের শেষ সময়। কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘ছাত্রশিবির কেবল রাজনৈতিক সংগঠন নয়। আমাদের উদ্দেশ্য রাজনীতি নয়। বরং দেশ, জাতি ও মূল্যবোধ নিয়ে কাজ করা। আদর্শ মানুষ গঠনের লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবেই এই বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষার্থী আছে, যাদের প্রতিভা প্রকাশের সুযোগ মেলে না। আমরা তাদের মঞ্চ করে দিতে চাই। যেন তারা নিজেদের প্রকাশ করতে পারে, এবং দেশবাসী ও সরকার তাদের চিনতে পারে। আমরা চাই এখান থেকেই বের হয়ে আসুক ভবিষ্যতের সেরা বিজ্ঞানীরা।’