শিক্ষা ও ক্যাম্পাস

ইবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীর দায়িত্ব গ্রহণ

ইবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীর দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি:
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জুলাই পরবর্তী এক বিশৃঙ্খল পরিবেশের মধ্যে আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম। এই পৌনে দুই বছর অর্থনৈতিক সেক্টরকে দুর্নীতি মুক্ত করার জন্য আমি শতভাগ চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষকে পরামর্শ দিয়ে সহায়তা করব।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রীস আলী বলেন, শহীদ জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। প্রশাসনের সমস্যাগুলো চিহ্নিত করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের সহায়তা নিয়ে আমি কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন,দায়িত্বগ্রহণের পর আমি দুজন সহযোগী পেয়েছিলাম। গত ২৭ তারিখ পর্যন্ত তাঁদের সাথে কাজ করেছি৷ তাঁদের সহযোগিতায় আমরা বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনিয়ম দূর করতে পেরেছি। তাঁদের এই অকৃত্রিম আন্তরিকতা, সহযোগিতা আমাকে অভিভূত করেছে। আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বাহিরে থেকে প্রশাসনিক পদে অনেক নিয়োগ হয়েছে। ক্যাম্পাসের অনেককিছুই তাঁদের অজানা ছিল। সে কারণে অনেক ত্রুটি-বিচ্যুতি হতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা যারা দীর্ঘ দিন ধরে কাজ করছি, আশা করি ক্যাম্পাসকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিতে পারব।