আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। বিজ্ঞানশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি অণুজীববিজ্ঞানের গুরুত্ব ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ে জনসচেতনতা তৈরিতে এসব কর্মসূচি আয়োজন করা হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘আইএমডি গ্র্যান্ড সেলিব্রেশন’।

দিনব্যাপী ‘আইএমডি গ্র্যান্ড সেলিব্রেশন’-এ র‍্যালি, বৃক্ষরোপণ ও বায়োফার্টিলাইজার প্রদর্শনী, ইনোভেশন শোকেস, মাইক্রোবস ডিসকভারি কর্নার এবং মাইক্রোবায়োলজি অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে ইতোমধ্যে ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যশোরের বিভিন্ন স্কুল-কলেজে মাইক্রোবায়োলজি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগ, বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস এবং যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে যশোরের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ ছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি ২—ইমার্জিং হরাইজনস ইন মাইক্রোবায়োলজি’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে দেশের ১০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ২৩টি বিভাগ থেকে প্রায় ২২৫ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সম্মেলনে তিনটি সমান্তরাল সেশনে বিষয়ভিত্তিক ২১টি গবেষণার মৌখিক উপস্থাপনা এবং ৯০টি পোস্টার উপস্থাপন করা হবে। পাশাপাশি দেশবরেণ্য তিনজন গবেষক বক্তব্য দেবেন।

সম্মেলন-পরবর্তী সময়ে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর দুটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। ২৭ ও ২৮ সেপ্টেম্বর ‘অ্যাডভান্সড মাইক্রোস্কোপি’ এবং ২৯ ও ৩০ সেপ্টেম্বর ‘অ্যাডভান্সড মলিকুলার টেকনিকস’ শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়েছে। যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগ ও জিনোম সেন্টারের যৌথ উদ্যোগে এসব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে মাসব্যাপী এ কর্মসূচি বিজ্ঞানশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও জনসচেতনতা বৃদ্ধির সম্মিলিত প্রয়াস। এর মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ গবেষকদের অণুজীববিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি অণুজীবের গুরুত্ব এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।