সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত গুচ্ছেই থাকার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। একই সঙ্গে গুচ্ছে যুক্ত হওয়ার আগ্রহ জানিয়েছে আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আসন্ন ভর্তি পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পবিপ্রবি)। গুচ্ছের ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও দ্রুত সম্পন্ন করতে এ দুই বিশ্ববিদ্যালয় সমন্বয়ের দায়িত্ব পালন করবে।
এদিকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় তিনটি যুক্ত হলে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২৩টিতে দাঁড়াতে পারে।
বর্তমানে জিএসটি গুচ্ছে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
নতুন তিন বিশ্ববিদ্যালয় বর্তমানে শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টদের মতে, তারা গুচ্ছে যুক্ত হলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমার পাশাপাশি ভর্তি কার্যক্রম আরও সহজ ও সমন্বিত হবে।




