ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো বিভাগের শিক্ষক হিসেবে সভাপতি পদে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানকে ১৫ সেপ্টেম্বর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী একই বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়কে ১৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করায় সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, ‘সভাপতি হিসেবে বিভাগের একজন শিক্ষককে বিবেচনা করায় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে বিভাগে বেশ কিছু সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে শ্রেণিকক্ষ ও শিক্ষকদের কক্ষ সংকট, সেশনজট এবং ল্যাবের প্রয়োজনীয়তা অন্যতম।’
তিনি বলেন, ‘প্রশাসনের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে শ্রেণিকক্ষ ও শিক্ষকদের কক্ষ সংকট নিরসনের চেষ্টা করব। পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি একটি মাল্টিমিডিয়া ল্যাব স্থাপন। সেটিও দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা করছি।’
তন্ময় সাহা জয় আরও বলেন, ‘ইতোমধ্যেই তিনজন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া যেন সুষ্ঠু, সুন্দর ও দ্রুত সম্পন্ন হয়, সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব।’









