‘সবুজের ছোঁয়ায় জীবন’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভ্যানচালক, পরিচ্ছন্নতা কর্মী ও চা দোকানিদের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করেছে পরিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘অভয়ারণ্য’।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বটতলার পাশে অংকুর নার্সারির সৌজন্যে এ আয়োজন করা হয়। এ সময় সংগঠনটির এক্সিকিউটিভ ডিরেক্টর সাদিয়া সাবরিনা, অপারেশনস ডিরেক্টর সজল রায় এবং অংকুর নার্সারির পরিচালক সাদ আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আয়োজনের বিষয়ে অভয়ারণ্যের এক্সিকিউটিভ ডিরেক্টর সাদিয়া সাবরিনা বলেন, ‘অংকুর নার্সারির সাদ ভাইয়ের সহযোগিতায় অভয়ারণ্যের পক্ষ থেকে আজকের এই আয়োজন করা হয়েছে। আমরা চাই, ভ্যানচালক, পরিচ্ছন্নতা কর্মী ও ছোট চা দোকানিদের ঘর-আঙিনা সবুজে ভরে উঠুক। প্রকৃতির ছোঁয়ায় তাদের জীবনও হয়ে উঠুক আরও সুন্দর ও আলোকিত।’

আয়োজকরা জানান, পরিবেশের প্রতি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সবুজের চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।