অণুজীবজনিত স্বাস্থ্যঝুঁকি, সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬ উপলক্ষে কমিউনিটিভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শ্রীরামপুরের তমালতলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এএসএম স্টুডেন্ট চ্যাপ্টার, ইবির সভাপতি খন্দকার মেহেদী হাসান, সাধারণ সম্পাদক অভিনন্দন পাল সীমান্ত, সহসভাপতি হাফসা, সাংগঠনিক সম্পাদক মুরশিদা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ফজলুল হকসহ এলাকার শতাধিক মানুষ।

কর্মসূচিতে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্ষতিকর অণুজীব, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি, সংক্রমণের কারণ এবং তা প্রতিরোধের বিভিন্ন উপায় স্থানীয় মানুষের কাছে সহজ ও বোধগম্য ভাষায় তুলে ধরা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা ও অণুজীব সম্পর্কে সঠিক ধারণা অর্জনের গুরুত্ব তুলে ধরে সংগঠনের সদস্যরা।

এ সময় গ্রামাঞ্চলের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ফজলুল হক বলেন, “১০ বছর আগে আমাদের নিশ্চিতপুর গ্রামের মানুষ কাঁচা পায়খানা ব্যবহার করলেও এখন অনেকের বাড়িঘর অনুন্নত হলেও প্রত্যেক ঘরে বাথরুম রয়েছে।”

সংগঠনের সাধারণ সম্পাদক অভিনন্দন পাল সীমান্ত বলেন, “পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্ষতিকর অণুজীব, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও সংক্রমণ প্রতিরোধের উপায় সহজ ও বোধগম্য ভাষায় উপস্থাপন করে স্থানীয় জনগণের মধ্যে অণুজীব ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে।”

এএসএম স্টুডেন্ট চ্যাপ্টার, ইবির সভাপতি খন্দকার মেহেদী হাসান বলেন, “বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে। অণুজীব সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলা আমাদের প্রয়োজন।”

কর্মসূচিতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অণুজীব, স্বাস্থ্যবিধি ও সংক্রমণ প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্যোগটি বাস্তবায়িত হয়।